দেশের সংকট নিরসনে এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের একটি প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার জন্য আমরা সকলের সঙ্গে আলাপ-আলোচনার আহ্বান জানিয়েছি এমনটা উল্লেখ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি বলেন, ‘বল এখন শাসক দলের কোর্টে। তারা সংঘাতের পথ ছেড়ে সংলাপের পথে সমস্যার সমাধান করবে বলে আশা করি। দেশের চরম সংকট উত্তরণে আমি আপনাদের (ইসলামী ঐক্যে জোট নেতাদের) এই সম্মেলন থেকে সম্মানিত আলেম সমাজকে ঐক্যবদ্ধ ও স্বোচ্চার হবার আহ্বান জানাচ্ছি।’
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের’ দাবিতে সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট।
বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আবদুর রকিবের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতি নূর হোসেন কাশেমী, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল করিম খান, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনালের (অব.) সৈয়দ মোহাম্মাদ ইবরাহিম বীর প্রতীক, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জমিয়েত ওলামায়ে ইসলামের সহ-সভাপতি আবদুর রউফ ইউসুফী, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতি ফজলুল হক জালালাবাদী, মাওলানা সৈকত আলী, নেজামী ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব মাওলানা আবদুর রহমান চৌধুরী প্রমুখ।
দর্শক সারিতে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, শাম্মী আখতার, ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক প্রমুখ।
এআইজে





