তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সংস্কৃতির উপর যারা থাবা মারে তারাই জঙ্গি। ইতিহাস ও সংস্কৃতিকে যারা নির্বাসনে পাঠায় তারা জাতির শত্রু, মানুষের শত্রু। যারা বাঙালির নববর্ষ উদযাপনে বিরোধিতা করছে, তারা জঙ্গি।
সোমবার বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে বাংলা বর্ষবরণ-১৪২১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন-জঙ্গিবাদ কচুরিপানার মতো। কচুরিপানা পানিতে দল বেঁধে ভেসে বেড়ায়। জঙ্গিবাদও তেমনি। কচুরিপানার ফুল দেখতে সুন্দর হলেও কারো বৈঠক খানায় শোভা পায় না। কচুরিপানা ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করে। তেমনি গণতান্ত্রিক সমাজে জঙ্গিবাদ গণতন্ত্র ও সভ্যতাকে ধ্বংস করে দেয়। আমাদের ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করতে হলে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নিজস্ব সংস্কৃতি রক্ষা করা আমাদের সবার নৈতিক কর্তব্য।
তথ্যমন্ত্রী আরো বলেন, এই মাটিতে বাঙালিরা সংস্কৃতির বিরুদ্ধে আক্রমণ প্রতিহত করতে গিয়ে নিজস্ব জাতিসত্তার সন্ধান পেয়েছে। বাঙালি লড়াই সংগ্রাম করে নিজ ভাষা ও সংস্কৃতি রক্ষা করে চলছে। আমরা এখন ধর্ম ও বর্ণ নির্বিশেষে বৈশাখের আনন্দে মাতি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিজস্ব সংস্কৃতি রক্ষায় সজাগ থাকার আহ্বান জানান।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে মন্ত্রী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের বলেন, কোনো নারী রাজাকার বাহিনীতে নাম লেখাননি। যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত হননি। নিজের ইজ্জত উৎসর্গ করেছেন, আমাদের ভবিষ্যত নির্মাণের জন্য। মুক্তিযুদ্ধের ভূমিকায় পুরুষের চেয়ে নারী এক ধাপ এগিয়ে ছিল। পুরুষ যুদ্ধ করেছে দেশরক্ষা ও জীবনরক্ষার জন্য। অন্যদিকে নারী যুদ্ধ করেছে দেশরক্ষা, জীবন রক্ষা ও ইজ্জত রক্ষার জন্য।
এসময় তথ্যমন্ত্রী শিক্ষকদের খোলা জানালা হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীদের সেই জানালার আলো দিয়ে পৃথিবীর জ্ঞানের রাজ্যে প্রবেশের আহ্বান জানান।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই [/b]
রাজনীতি
'সংস্কৃতিকে যারা নির্বাসনে পাঠায় তারা জাতির শত্রু '
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সংস্কৃতির উপর যারা থাবা মারে তারাই জঙ্গি। ইতিহাস ও সংস্কৃতিকে যারা নির্বাসনে পাঠায় তারা জাতির শত্রু, মানুষের শত্রু। যারা বাঙালির নববর্ষ উদযাপনে বিরোধিতা করছে, তারা জঙ্গি।





