বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংবিধান মানেন না, গণতন্ত্র মানেন না এমনকি বাংলাদেশকেই স্বীকার করতে চান না বলে মন্তব্য করেছে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বুধবার দুপুরে জামালপুর জেলার বকশীগঞ্জ শহরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় মন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, যারা দেশের শত্রু, ১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত তাদের বাঁচাতে খালেদা জিয়া ও তার দল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তবে তাদের এ ষড়যন্ত্র কোনোভাবে সফল হবে না। যুদ্ধাপরাধীদের বিচার এ দেশের মাটিতে হবেই হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে এ পথসভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বিএনপি তিস্তার পানি নিয়ে বড় বড় কথা বলে। কিন্তু ক্ষমতায় থাকার সময় এ বিষয়ে তারা কিছু বলে নি।
তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি এবং সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ এতে সভাপতিত্ব করেন। এসময় জেলা আওয়ামী লীগের সভপাতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহামিনা আক্তার পাখীসহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে বকশীগঞ্জের চরকাউরিয়ার বকশীগঞ্জ জুট স্পিনার্স মিল উদ্বোধন ও বকশীগঞ্জ কামালপুর ইমিগ্রেশন পয়েন্ট পরিদর্শন করেন।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]