দেশের ৭০ ভাগ রেলক্রসিংয়ে কোন লোকই নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
অচিরেই সরকারকে রেলের দিকে নজর দেয়ার আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, গত ১ আগস্ট ঝিনাইদহে বারোবাজার এলাকায় এক রেল দুর্ঘটনায় ১১ বিয়ের যাত্রী মারা গেছে। এটা আমাদের কাম্য নয়। আমি রেল মন্ত্রী ছিলাম। আমি জানি দেশের ৭০ ভাগ রেলক্রসিংয়ে কোন লোকই নেই। তাই খুব শীগ্রই রেলক্রসিংয়ে লোক নিয়োগ দিতে হবে। এর পাশাপাশি রেলক্রসিংয়ের সংখ্যাও কমাতে হবে। শুধু দু’একজনকে সাসপেন্ড করে তদন্ত কমিটি গঠন করে ক্ষান্ত থাকা যাবে না। যাতে আর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে।
শনিবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির আন্দোলন সম্পর্কে আওয়ামী লীগের এ নেতা বলেন, একটি নির্বাচিত ও গণতান্ত্রিক সরকারকে আরেকটি নির্বাচনের মাধ্যমে সরানো যায়। মাঝখানে আর কোনো পথ নেই। আন্দোলনের মাধ্যমে কোন সাংবিধানিক সরকারকে উৎখাত করা যাবে না। এরপরও যদি আপনারা সহিংস আন্দোলন করেন, তাহলে জনগণের জানমাল রক্ষায় একটি গনতান্ত্রিক সরকার যে ব্যবস্থা নেয় আমরাও তাই করবো।
বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের লাফালাফি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেটা নাই সেটা নিয়ে না ভাবাই ভালো। এখন আগস্ট মাস ষড়যন্ত্র ও চক্রান্তের রাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
ঢকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো: সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক ব্যারিষ্টার জাকির আহমেদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ।
ঢাকা, এমআর, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





