যতদিন নির্বাচন প্রশাসনের সাথে সংশ্লিষ্ট থাকবে ততদিন নির্বাচন সুষ্ঠ হতে পারে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজ আয়োজিত‘একটি গ্রহনযোগ্য নির্বাচনই দিতে পারে চলমান সংকটের সমাধান’শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।’
আব্দুর রউফ বলেন, 'প্রশাসন থেকে নির্বাচনকে বের করে আনতেই হবে। কারন নির্বাচনকে সুষ্ঠু করতে হলে এর কোন বিকল্প নেই। কারণ বঙ্গভবনে যিনি বসে আছেন, তিনি আর প্রশাসন একই কথা। আর এটা করতে না পারলে আমি চোখ বুঝে বলতে পারি নির্বাচন সুষ্ঠ হবে না।’
সাবেক এই বিচারপতি বলেন, দেশের চলমান সংকটের মূল্ কারণ হলো সকল কিছুতেই নিয়মবহির্ভূত কার্যক্রম। সংবিধান থেকে শুরু করে যাবতীয় কাজে নিয়মবহির্ভূত কাজ করছে।
স্বাধীনতার পর দেশে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোর চরিত্র এক মন্তব্য করে তিনি বলেন, ভোটাররা যতদিন তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না ততদিন পর্যন্ত তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে।
তিনি বলেন, যতদিন পর্যন্ত দলের পক্ষ থেকে প্রার্থী মনোনিত হওয়ার প্রথা বন্ধ না হবে ততদিন পর্যন্ত টাকার খেলাও বন্ধ হবেনা। প্রার্থীদের ধারণা থাকে একটাই তারা নির্বাচনে ১০ কোটি খরচ করবে পাচঁ বছর পর ২০০ কোটি টাকা কামাবে।
রাজনৈতিক দল ছাড়া পৃথিবীতে কোন গণতান্ত্রিক চর্চা হতে পারেনা দাবি করে তিনি বলেন, রাশিয়ার মতো আমাদের দেশেও একটি রাজনৈতিক দল এটা করতে চেয়েছিলো কিন্তু তারা ব্যর্থ হয়েছে।
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, এটা সকলের দাবি এটা মেনে নেয়া উচিৎ। আর এই নির্বাচনের আচরণবিধি রক্ষা করার সকল দায়দায়িত্ব বর্তায় নির্বাচন কমিশনের উপর।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাড.আহমেদ আজম খান বলেন, স্বাধীনতার ৪৪ বছর হলেও এখনও আমাদেরকে গণতন্ত্র নিয়ে আলোচনা করতে হচ্ছে। গণতান্ত্রিক নির্বাচনের জন্য সাধারণ মানুষের রক্ত ঝড়ছে । জাতির জন্য এটা খুবই দু:খজনক।
তিনি বলেন, অনেকেই বলে যে আপাতত গণতন্ত্র নয়, উন্নয়ন দরকার তারা নাকি সিঙ্গাপুরকে রোল মডেল হিসেবে ধরে এগিয়ে যাচ্ছে। কিন্তু তারা কি একবার ভেবেছে, সিঙ্গাপুরে কিন্তু উন্নয়নের জন্য গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়নি। সেখানে গণতন্ত্রের কথা বললে শতশত মানুষকে গুম খুনের স্বীকার হতে হয়না।’
আয়োজক সংগঠনের চেয়ারর্পাসন ব্যারিস্টার ফাতেমা আনোয়ারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ব্যারিস্টার রাগিব রউফ, এসানুল কবির জেনার, জানি পপের নির্বাহী পরিচালক নাজমুল ব্যারিস্টার রুমিন ফারহানা, পারভেজ আহমেদ প্রমুখ।
এমএ





