ঢাকার দুই সিটি নির্বাচনে কারচুপির অভিযোগে দিনব্যাপী হরতাল পালন শেষে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকা শহরে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

রোববার বেলা পৌনে ৫টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে আমরা এ জন্য সবাইকে ধন্যবাদ জানাই। এই হরতাল শুধু সিটি নির্বাচনে কারচুপির প্রতিবাদে ছিল না। এটা মূলত ছিল গণতন্ত্র পুনরুদ্ধার এবং বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য।

এসময় ঢাকার দুই সিটি কর্পোরেশনের বিএনপির দুই মেয়র প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারি বাবু, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক সামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এএস