বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন প্রধানমন্ত্রী সম্পর্কে কথা বলার আগে ভেবে-চিন্তে কথা বলবেন। ভবিষ্যতে আর এ ধরণের কথা বলার সুযোগ থাকবে না।

রোববার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

হানিফ বলেন, মির্জা ফখরুল একজন শিক্ষক ছিলেন। অথচ তার কথা মিথ্যাচারে ভরা। আমরা তাকে জানিয়ে দিতে চাই, ভবিষ্যতে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর সম্পর্কে কথা বলার আগে একবার ভেবে নিবেন এবং আপনার নেত্রী খালেদা জিয়ার চেহারার দিকে তাকিয়ে নিবেন। হতাশা কাটিয়ে উঠতে ভবিষ্যতে এ ধরনের অযুক্তিক কথা বলার সুযোগ থাকবে না।

নীলফামারীতে দেয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, খালেদা জিয়া সাবেক ২ বারের প্রধানমন্ত্রী ছিলেন। বিদেশে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফটোসেশন করেছেন খালেদার এ বক্তব্যে দ্বারা বোঝা যায় তিনি কতটা হতাশা ও মুর্খ।

খালেদা জিয়ার প্রতি প্রশ্ন রেখে হানিফ বলেন, এই সরকারের যদি বৈধতা না থাকে তবে জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন। বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা তাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তারাও বাংলাদেশের এসেছেন। এছাড়াও এই দশম সংসদের নির্বাচিত এমপিদের মধ্য থেকে একই সময়ে দুইজন ‘সিপিএ’ এবং ‘আইপিও’র সভাপতি নির্বাচিত হয়েছেন কভাবে?

সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরব না খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, তিনি কি বক্তব্য শেষ করে ঢাকায় ফিরে বাসায় উঠেছেন? নাকি হোটেলে বা রাস্তায় থেকেছেন? যদিও তার হোটেলে উঠার অভ্যাস আছে। হোটেলের দরজা ভেঙ্গে বের করা হয়েছিল। এ ব্যাপারে আমরা কথা বলতে চাই না।ভবিষ্যতে চিন্তা ভাবনা করে কথা বলে তার মান মর্যাদা রাখবেন বলে আমরা আশা করি।

সভায় ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে একদিনের কর্মসূচী ঘোষণা করা হয়। এর মধ্যে সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় ও দেশের সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো ব্যাজ ধারণ।৭টায় ৩২ বঙ্গবন্ধু ভবনে জাতীর পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ৮টায় বনানী কবর স্থানে শহীদদের কবরে পুষ্পমাল্য অর্পন ও দোয়া মাহফিল, বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপাতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, স্বাস্থ বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জাম ভূইয়া ডাবলু, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজসহ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনে নেতারা।

এমআর/ এআর