‘বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত হচ্ছে’ এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘ষড়যন্ত্র করে লাভ হবে না। জনগণ বিরুদ্ধে গেলে এসবে কাজ হবে না। হয়তো এমন দিন আসবে আমাদের নেতাকর্মীদের কাছে আওয়ামী লীগের বড় বড় নেতারা ধরাশায়ী হবেন।
রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে বৃহস্পতিবার বিকালে যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে যুবদল।
সরকারের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, জনগণ বিপক্ষে গেলে এসব ষড়যন্ত্র-চক্রান্তে কাজ হবে না। আমাদের এসব নেতাকর্মী নির্বাচনে দাঁড়ালে আওয়ামী লীগের বড় বড় নেতারাও ধরাশায়ী হবেন।
তিনি বলেন, সাঁড়াশি আক্রমণের শিকার বিএনপি নেতৃবৃন্দ। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপির বিজয় ঠেকাতে পারবে না, এমন বাস্তবতা জেনে বিএনপি নেতাদের উপর তারা চড়াও হয়েছে। প্রথমে ঢাকার সংসদ সদস্য নির্বাচন করা লোকদের ধরে ধরে মামলা দিচ্ছে। ঢাকার সাবেক মেয়র খোকাকে দণ্ড দিয়েছে। হাবিব উন নবী খান সোহেল, আব্দুল কাইয়ুমকে মিথ্যা মামলায় জড়ানোর চক্রান্ত চলছে। এখন অনেক লোক সন্দেহ করে, বিএনপি’কে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করা যায়নি বলে এইসব মামলায় জড়িয়ে তাদের সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করতে চায় সরকার।
বিএনপির এই নেতা বলেন, আমরা সব হত্যার বিচার চাই। এমনকি বিএনপি নেতাদের হত্যাকারিদেরও বিচার চাই। তবে, এই বিচার সঠিক তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে হতে হবে।
যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক অমলেন্দু দাস অপু, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।
কেএইচ





