এই দেশের মানুষ শহীদ হতে পছন্দ করে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, এদেশের মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। গণতন্ত্রের জন্য গণঅভ্যুত্থান ঘটিয়েছে। এই দেশের মানুষ আদর্শের জন্য শহীদ হতে পছন্দ করে। আমাদের ওপর যতই হামলা-মামলা আক্রমণ করে না কেন আমাদের শেষ পরিণতি হচ্ছে বিজয়।
শনিবার (০৭ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে তারেক রহমানের ১৪তম কারাবরণ দিবস উপলক্ষে এক আলোচনাসভায় তিনি এইসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন, আন্দোলন সবকিছুর লক্ষ্য হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে আমরা মা বলে ডাকি তাকে মুক্ত করা। তাকে মুক্ত করার দুটি পথ রয়েছে। একটি হচ্ছে আইন-আদালত। আরেকটি হচ্ছে রাজপথ।
বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্রকামী রাজনীতিবিদদের তিনটা পথ থাকে তাহলো বাসা, রাজপথ, জেলখানা। একজন রাজনীতিবিদ যখন এই তিনটা মেনে নিতে পারবে তখনই দেশে কিছু একটা ঘটবে। আমি আন্দোলনের ডাক দিব, কথা দিব কিন্তু সময় মতো আসছে পারবো না। তাহলে হবে না। আসতে হবে।
সংগঠনের প্রধান উপদেষ্টা মিজান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন, কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন, সাইফুল ইসলাম সেকুল প্রমুখ।
এমবি





