বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি।
আজ বুধবার (১২ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী ডা. জাফরুল্লাহ চৌধুরী আজীবন দেশ, জাতি ও জনগণের কল্যাণে অবদান রেখেছেন।
তিনি বলেন, ডা. জাফরুল্লাহ ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী। স্বাধীনতা যুদ্ধকালে মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণের জন্য ফিল্ড হাসপাতাল, স্বাধীনতা পরবর্তীতে স্বল্প মূল্যে চিকিৎসার জন্য গণস্বাস্থ্য হাসপাতাল প্রতিষ্ঠাসহ শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন এবং সমাজ সংস্কারে ও বিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
‘রাষ্ট্রের সব সংকটে ডা. জাফরুল্লাহ এগিয়ে এসেছেন অকুতোভয় সৈনিক হিসেবে। দেশ ও জনগণের কল্যাণে তার বলিষ্ঠ অবদানের স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম তাকে প্রথম স্বাধীনতা পদকে ভূষিত করেন।’
এ ছাড়া গণতন্ত্রবিরোধী কার্যকলাপ, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে স্বোচ্চার এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ডা. জাফরুল্লাহ অসাধারণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি ডা. জাফরুল্লাহর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এবিএস





