বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আপনার প্রত্যাশা পূরণ করে নির্বাচন দিচ্ছে সরকার।’

শনিবার রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘পাকিস্তানি পলিসিতে বিএনপির রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

সুরঞ্জিত বলেন, আপনি (খালেদা জিয়া) নির্বাচন নির্বাচন করেন, আপনার প্রত্যাশা পূরণ করে নির্বাচন দিচ্ছে সরকার।

সিটি করপোরেশন, পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আপনি তাতে অংশ নিয়েছেন। আগামী মার্চে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসছে। আশা করি সেখানেও অংশ নেবেন।

তিনি বলেন, আসলে আপনি মুখে বলেন নির্বাচন প্রত্যাখান করেছেন। ভেতরে বলেন নির্বাচনে যাব এবং সেটা শেখ হাসিনার অধীনেই।

তিনি আরো বলেন, সারা বিশ্বের মানুষ স্বীকার করছে, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। অথচ খালেদা জিয়া দেখতে পান না। খালেদার মুখ থেকে শোনা যাচ্ছে শুধু একটি ফ্লাইওভার ছাড়া আর কিছুই হয় নি।

তাহলে সমুদ্র বিজয়, সিট মহল বিনিময়, পদ্মা সেতু, হাতির ঝিল, বিদ্যুৎ ক্ষেত্রে বিপ্লব এলো কোথা থেকে।

তারপরও যে একটি উন্নয়নের কথা স্বীকার করেছেন এজন্য খালেদাকে ধন্যবাদ। আশাকরি এর মাধ্যমে আপনার উন্নয়ন স্বীকার করার অভ্যাস তৈরি হবে।

খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনি আন্দোলন, জ্বালাও-পোড়াও সবকিছু করে দেখলেন। পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলেন। তাতে দেখলেন ক্ষমতায় যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন।

তাই নির্বাচনে অংশ নেওয়ার ধারাবাহিকতা রক্ষা করুন। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করবেন না। আইনের শাসন মেনে চলুন।

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু জেনারেল জ্যাকবের মৃত্যুতে খালেদা জিয়াকে শোক প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, জ্যাকবের জন্য সবাই শোক প্রকাশ করলো।

কিন্তু আপনি নিরব রইলেন। এখনও সময় আছে যদি মুক্তিযুদ্ধের দল দাবি করেন তবে শোক প্রকাশ করুন। নইলে জামায়াতের মত আপনিও পাকিস্তানি বলে গণ্য হবেন।

শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের প্রবীণ এ নেতা বলেন, জাতি শিক্ষকদের আন্দোলনের বিষয়টির সম্মানজনক সমাধান চায়। আশাকরি প্রধানমন্ত্রী দ্রুত এর সমাধান করবেন।

শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি ফি বৃদ্ধির বিষয়ে সরকারকে ব্যবস্থা নেওযার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি আমালাদের বেতন দ্বিগুন করেছে সরকার।

এরপর থেকেই শিক্ষপ্রতিষ্ঠানগুলো ভর্তি ফিসহ অন্যান্য বেতানাধি বৃদ্ধি করল। শিক্ষা মন্ত্রণালয়কে বলব, এর বিরুদ্ধে ব্যবস্থা নিন। সাধারণ মানুষের ওপর যাতে জুলুম না হয় সে দিকটা খেয়াল রাখুন।

সংগঠনের সহ সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, উপকমিটির সহসম্পাদক এম এ করিম, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানাসহ আরো অনেকে।

এসএইচ