জামায়াতের হাতে আইএসের জাল থাকার প্রশ্নই আসে না উল্লেখ করে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মোঃ তাসনীম আলম বলেছেন, এভাবে জামায়াতকে জড়িয়ে কতিপয় দালাল মিডিয়াকর্তৃক ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
শুক্রবার জামায়াতের পক্ষ হতে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
'দৈনিক মানবকণ্ঠ' পত্রিকার অনলাইন সংস্করণে জামায়াতকে জড়িয়ে প্রকাশিত রিপোর্টের প্রতিবাদে প্রদত্ত ঐ বিবৃতিতে তিনি এ কথা বলেন।
অধ্যাপক তাসনীম বলেন, আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, আইএস ও জেএমবির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই। কাজেই বাংলাদেশ জামায়াতের হাতে আইএসের জাল থাকার প্রশ্নই আসে না।
তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে আটক মসিউদ্দিন ওরফে মুসার সাথে জামায়াতের কোন সম্পর্ক নেই। অতএব, জেএমবি ও আইএসের সাথে জামায়াতের সম্পর্ক আবিষ্কারের অপচেষ্টা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
উল্লেখ্য, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার অনলাইন সংস্করণে “বাংলাদেশে জামায়াতের হাতে আইএসের জাল” শিরোনামে গত ৭ জুলাই প্রকাশিত রিপোর্টে লিখা হয়েছে "আফগানিস্তান থেকে ইসলামিক স্টেটের (আইএস) জাল এখন বাংলাদেশে জামায়াতের হাতে। পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে আটক মসিউদ্দিন ওরফে মুসা ভারতীয় গোয়েন্দাদের জানিয়ে দিয়েছেন বাংলাদেশের জেএমবি-জামায়াতের সঙ্গে আইএসের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।" এরই পরিপ্রেক্ষিতে জামায়াতের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদে গণমাধ্যমে পাঠানো ঐ বিবৃতিতে এমনটাই বলেছেন এই জামায়াত নেতা।
বিবৃতিতে তিনি জামায়াতের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য দৈনিক মানবকণ্ঠ কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
এমআইএস





