বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তি উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এরই অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া মাহফিলের অয়োজন করা হয়। এছাড়া তার মুক্তির দাবিতে আজ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সমাবেশ করার মৌখিক অনুমতি দেয়া হয়েছে। দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হবে।
এজন্য ঢাকা মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা দফায় দফায় বৈঠকও করেছেন।
ঢাকাসহ আশপাশের জেলা থেকে নেতাকর্মীদের সমাবেশে আসার জন্য নির্দেশ দেয়া হয়েছে। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা থাকবেন।
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, সমাবেশ করার অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলামকে আমরা চিঠি দিয়েছিলাম। শুক্রবার দুপুরে ডিসি রমনা থেকে আমাকে ফোন করে সমাবেশ করার মৌখিক অনুমতি দেন। এছাড়া তারা ডিসি মতিঝিলের সঙ্গে যোগাযোগ রাখতে বলেন। পরে আমরা ডিসি মতিঝিলের সঙ্গে যোগাযোগ করেছি, তিনি আমাদের জানিয়েছেন ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন।
এ্যানী বলেন, সাধারণত সমাবেশের দিন সকালে সমাবেশের অনুমতির চিঠি দেয়া হয়। যেহেতু মৌখিক অনুমতি পেয়েছি, আশা করছি আগামীকাল (আজ) সকালে অনুমতির চিঠি পাব।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় বলেন, বৃহস্পতিবার পর্যন্ত সমাবেশের অনুমতি দেয়া হয়নি। শুক্রবার অফিস বন্ধ থাকে, তাই এদিনও অনুমতি দেয়ার প্রশ্নই আসে না। তবে উচ্চ পর্যায়ের কেউ যদি মৌখিক অনুমতি দেয়ার কথা বলে থাকে সেটা আমার জানা নেই।
সমাবেশ থেকে ‘বড় মেসেজ’ দেয়া হবে- খসরু
এদিকে সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে দেশবাসী ও বিদেশিদের বড় ধরনের মেসেজ দেয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। ‘সিটি নির্বাচনের অভিজ্ঞতা বনাম ভোটের অধিকার’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়ার কারাবাসের দুই বছর উপলক্ষে বিএনপির সমাবেশ প্রসঙ্গে আমীর খসরু বলেন, আমি আশা করব, আপনারা (বিএনপির নেতা-কর্মী) জনসভায় দলেবলে উপস্থিত হবেন। কারণ আন্দোলন তো চলছেই, এখন আন্দোলন নতুন রূপ নেবে। এক্ষেত্রে আমাদের সবাইকে সাহসী ভূমিকা পালন করতে হবে। আমরা দেশনেত্রীকে অবিলম্বে মুক্ত করার বিষয়ে এ জনসভা থেকে দেশবাসী ও বিদেশিদের বড় মেসেজ দিতে চাই।
রাজধানীতে লিফলেট বিতরণ বিএনপি নেতাদের
এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেতারা।
জুমার নামাজের পর মোহাম্মদপুর টাউন হল মসজিদের সামনে লিফলেট বিতরণের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের বলেন, নেতাকর্মীরা আন্দোলন করছেন। সেজন্য লাখ লাখ নেতাকর্মীর নামে মামলা আছে, হাজারও নেতাকর্মী জেলে আছেন। তারপরও আমরা আন্দোলনে আছি।
এ রকম আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, একদিনের আন্দোলনে সম্ভব হয় না। আন্দোলন তীব্র হলে সম্ভব।
এএইচ





