পদ্মা সেতুর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ফজিলাতুন্নেছা মুজিবের নামে করার দাবি জানিয়েছেন, প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সাংসদ কাজী ফিরোজ রশীদ।
বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদের অধিবেশনের শুরুতেইপয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।
ফিরোজ রশীদ বলেন, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদ্মা সেতুর নির্মাণকাজের সূচনা হতে যাচ্ছে। এর একটি নাম থাকতে হবে। 'আমি এমন এক মহীয়সী নারীর কথা বলব, যিনি পর্দার আড়ালে থেকে সারা জীবন বাংলাদেশের স্বাধিকার থেকে স্বাধীনতা-প্রতিটি আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছেন। জাতির জনকের পাশে থেকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তিনি যখন কারাগারে ছিলেন, তখন সংসারের মতোই আওয়ামী লীগকেও ধরে রেখেছেন। আমি বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে পদ্মা সেতুর নামকরণের প্রস্তাব করছি।'
সংসদ উপনেতা সাজেদা চৌধুরী বিরোধী দলের সাংসদ কাজী ফিরোজ রশীদের প্রস্তাবকে সমর্থন করে বলেন,'এই চিন্তাটি আমি করে রেখেছিলাম। সবার মনের মধ্যে যখন এটি এসেছে। তাই তার আত্মার প্রতি শ্রদ্ধা রেখে ভাবি ফজিলাতুন্নেছা মুজিবের নামে পদ্মা সেতুর নামকরণ করা হোক।'
এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। শুরুতেই প্রশ্নোত্তর সংসদের টেবিলে উপস্থাপিত হয়।
ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





