বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ছেলে আমান মমতাজ মওদুদকে দাফন করা হবে তার নানা পল্লীকবি জসীমউদ্‌দীনের কবরের পাশে। এর আগে বৃহস্পতিবার বাদ জোহর হাইকোর্ট জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ে সদস্য শায়রুল কবীর খান।

শায়রুল কবীর খান জানান, আমান মমতাজ মওদুদের মরদেহ বুধবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। মরহুম আমানের লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে তার গুলশানের বাসভবনে নেওয়া হবে। সেখানে মরহুমের আত্মীয়স্বজন ও বিএনপির নেতাকর্মীদের শেষ দেখার পর রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে।

জানাযা ও দাফনের বিষয়ে শায়রুল কবীর খান বলেন, ‘আমান মওদুদের জানাযা বৃহস্পতিবার বাদ জোহর হাইকোর্ট জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টারে করে আমানের মরদেহ নিয়ে যাওয়া হবে ফরিদপুরে। সেখানে তার (আমান মওদুদ) নানা পল্লীকবি জসিমউদ্‌দীনের কবরের পাশে তাকে দাফন করা হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী শুক্রবার বাদ আসর ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাসায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মিলাদ মাহফিল করা হবে। সেখানে মরহুমের পরিবারের পক্ষ থেকে সুহৃদ-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।’

জেআই