নড়াইল-২ (লোহাগড়া-সদরের একাংশ) আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাশরাফি বিন মূর্তজার নির্বাচনী প্রচারণায় নিরাপত্তায় থাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারি উপ-পরিদর্শক (এএসআই) প্রচারণা কালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন।
গতকাল (২৭ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে চিকিৎসক এএসআই মনিরুজ্জামান মিন্টু (৪০)’কে মৃত ঘোষণা করেন।
এদিকে অসুস্থতার পর মাশরাফি পরবর্তী কর্মসূচি স্থগিত করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন।
ডিবি পুলিশের সদস্য বায়েজীদ হোসেন জানান, মাশরাফির নির্বাচনী প্রচারণার ৫ম দিনে দুপুরে জেলার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামে মাশরাফির শ্বশুরবাড়ি এলাকায় যান প্রচারণার কাজে। এই সময় নির্বাচনী প্রচারণার এক পর্যায়ে নিরাপত্তায় নিয়োজিত নড়াইল ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মনিরুজ্জামান মিন্টুর বুকে ব্যথা শুরু হয়। তখনই তাকে মাশরাফির গাড়িতে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোহাইমিন জিসান জানান, হাসপাতালে আনার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
মনিরুজ্জামান যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের মমিন বিশ্বাসের ছেলে। নড়াইল সদর থানা থেকে প্রায় ২ মাস আগে জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) যোগদান করেন মনির। মনিরের তানহা (৮) নামে এক সন্তান রয়েছে। তার স্ত্রী সন্তানসম্ভবা।
এমবি





