খালেদা জিয়ার নির্দেশে জামায়াত-শিবির চক্র রেলের ইঞ্জিনে, বগীতে ও রেলস্টেশনে আগুন এবং ভাঙচুর করে রেলওয়ের প্রায় ৭০ কোটি টাকার ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার ভাতশালা রেলস্টেশনের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির আমলে রেলপথ ছিল অবহেলিত। তাই তারা রেলওয়ের গুরুত্ব বোঝে না। বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে তারা।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে প্রত্যাখান করার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি দেশ ও  জনগণের টাকা লুটপাট করেছে। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে কথা বলেছে, তা মেনে নেয়া যায় না।

নতুন ভবন উদ্বোধন কালে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আযাদ। আলোচনা সভায় বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য উবায়দুল মোক্তাদির চৌধুরী, রেলপথ মন্ত্রণালয়ের মহাপরিচালক তাফাজ্জল হোসেন, পূর্বাঞ্চলীয় রেলপথের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মো. হুমায়ুন কবির, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন প্রমূখ।

ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ