বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রায় দুই মাস পর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন।

আজ (১০ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তিনি কেন্দ্রীয় কার্যালয়ে যান। লাঠি হাতে খুব আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ৩ তলার নিজের দফতরে বসেন রিজভী।
কুশল বিনিময় করেন অফিস কর্মীদের সাথে। তাদের শারীরিক অবস্থা, পরিবারের খোঁজ-খবর নেন।

হঠাৎ করেই তার অফিসে আসায় কর্মীদের সাথে উঠোন বৈঠকের মতো বসে নিজের অসুস্থতার সেই দিনগুলো স্মৃতি ভাগাভাগি করতে দেখা যায়।

রিজভী বলেন, এখন অনেকটাই সুস্থ বোধ করছি। রিং পরানোর পর আমাকে অনেক সর্তকতার সাথে চলতে হচ্ছে। যেটা আগে কখনোই আমি করিনি। এই করোনাকালে কত জায়গায় আমি মানুষের কাছাকাছি গিয়েছি তার কোনো হিসাব নেই।

প্রতিদিন আসবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন অফিসে আসার চেষ্টা করবো যদি শরীরটা এরকম ভালো থাকে।

এমবি