প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে গণভবনে পৌঁছেছেন নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে নির্ধারিত বৈঠকে অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছেন তিনি।

এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই গণভবনে হাজির হয়েছেন। সংশ্লিষ্ট সূত্র এ তিন নেতার গণভবনে পৌঁছার তথ্য নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে বৈঠকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, বন্দর শাখার সভাপতি আবদুর রশীদ ও সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমানের সঙ্গে এ বৈঠক করার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে আজকের এই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে।

এর আগে রোববার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের অনানুষ্ঠানিক এক বৈঠকে নারায়ণগঞ্জের নেতাদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী তাদের সোমবার সন্ধ্যা ৭টায় ধানমণ্ডি কার্যালয়ে ডাকা হয়।

এতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ডা. সেলিনা হায়াৎ আইভীর মনোনয়নকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার কথা ছিল। কিন্তু তৃণমূল নেতাদের মতামত উপেক্ষা করে আইভীকে মনোনয়ন দেয়ায় ক্ষুব্ধ নেতারা কেন্দ্রের ডাকে সাড়া দেননি। হতাশ ও ক্ষুব্ধ নারায়ণগঞ্জ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা মনোনয়ন পরিবর্তনের দাবি করছেন।

এআই