সাহসের সাথে ঈদ উৎসব পালনের মধ্যদিয়ে জনগণ জঙ্গিদের সমুচিত জবাব দিয়েছে বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে আজ বৃহস্পতিবার প্রথম কর্মদিবসের সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী এসময় দেশের জনগণ ও নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ আবারও প্রমাণ করলো ইসলামে জঙ্গিদের কোনো স্থান নেই। আটশ' বছরের পুরনো এদেশের মুসলমান সমাজ শান্তিপূর্ণ ঈদ উৎসব পালনের মধ্য দিয়ে জঙ্গিদের সমুচিত জবাব দিয়েছে।
দেশের মানুষ ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে একসাথে সব সময় জীবন ও উন্নয়নের চাকা সচল রাখবে বলেও ইনু দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রণালয়ের নিয়মিত কাজের পাশাপাশি তথ্যমন্ত্রী এ দিন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী’র সাথে তার দপ্তরে সাক্ষাত ও অপর মন্ত্রণালয়গুলোর দায়িত্বে নিয়োজিত উপস্থিত মন্ত্রীবর্গ ও নিজ মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদসহ উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশলাদি বিনিময় করেন।
এমবি





