লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।
সংগঠনের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এক বিবৃতিতে তারা শনিবার এ প্রতিবাদ জানান। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল হাসান এ বিবৃতি পাঠান।
বিবৃতিতে বলা হয়, জনাকীর্ণ স্থানে পুলিশের সামনেই এভাবে খুন করে পালিয়ে যাওয়ায় সাধারণ মানুষ আজ ভীত ও সন্ত্রস্ত।
এতে তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন।
এ দিকে, অপর এক বিবৃতিতে ছাত্রদল চট্রগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু ও সিনিয়র যুগ্ম-সম্পাদক মোশারফ হোসেনের নামে চাঁদগা থানায় হত্যা মামলা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
বিবৃতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘চলমান আন্দোলন স্তব্ধ করে দিতে এবং ছাত্রদল নেতা-কর্মীদের হয়রানি করার জন্যই এ ধরনের মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। কিন্তু অবৈধ সরকারের মনে রাখা উচিত হামালা-মামলা করে ছাত্রদল নেতা-কর্মীদের চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে বিচ্ছিন্ন করা যাবে না।’
এ ছাড়া, তারা শুক্রবার ছাত্রলীগ কর্মীদের হাতে মারধরের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্র ছাত্রদল নেতা আল-মামুন ইলিয়াছকে থানায় দেওয়ার ঘটনায় নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে তার মুক্তিও দাবি করেন তারা।
এ দিকে অপর এক বিবৃতিতে জানানো হয়, শনিবার দুপুরে হরতাল সমর্থনসহ বিভিন্ন দাবি দাওয়ায়ে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মফিজুর রহমান আশিক, মেহবুব মাছুম শান্ত, ও সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্নার নেতৃত্বে শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়ে কাটাবনে গিয়ে শেষ হয়।
এএইচ





