ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলিদের বর্বরোচিত বিমান হামলা চালিয়ে নারী-শিশু-বৃদ্ধসহ গণহত্যার প্রতিবাদে সবাইকে সোচ্চার হবার আহবান জানিয়েছে হেফাজতে ইসলাম।
রোববার রাতে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ্ আহমদ শফী, মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী এক বিবৃতিতে এ আহবান জানান।
তারা বলেন, মধ্যপ্রাচ্যের বিষয়ফোঁড়া, ইতিহাসের অভিশপ্ত জাতি ইয়াহুদিদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বরোচিত বিমান হামলা চালিয়ে নারী-শিশু-বৃদ্ধসহ পাইকারি হত্যাযজ্ঞ চালিয়ে এ পর্যন্ত ১৬৫ জনকে হত্যা করেছে। পশ্চিমাদের খুঁটির জোরে টিকে থাকা বর্ণবাদী ইসরাইলের এ বর্বরতার বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে বরাবরের মতোই ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
জাতিসংঘসহ বিশ্বসংস্থাগুলোর নিরুত্তাপ প্রতিক্রিয়া ও লোক দেখানো কূটনৈতিক চাপকে ইসরাইলের জায়নবাদী প্রধানমন্ত্রী রীতিমতো বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলেও ওআইসি, আরবলীগ প্রভৃতি মুসলিম সংস্থাগুলো এ গণহত্যাকে ঠেকাতে বাস্তবে কোনো ভূমিকাই পালন করছে না।
নেতৃবৃন্দ আরও বলেন, মুসলিম বিশ্বের কতিপয় নপুংসক শাসকদের মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করে কোনো লাভ হবে না। আমরা পৃথিবীর সকল মানবাধিকার সংগঠন ও সাধারণ মুসলমানদের প্রতি আহবান জানাই গোটা মুসলিম বিশ্বে স্ব-স্ব দেশের রাজপথে এসে ইহুদীদের বর্বর আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করুন।
নিজ নিজ দেশের শাসকদের প্রবল চাপ সৃষ্টি করে ইসরাইলি পণ্যবর্জনসহ ইহুদিদের অব্যাহত বর্বরতার বিরুদ্ধে প্রয়োজনীয় রাজনৈতিক ও কূটনৈতিক প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করুন।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





