অনেক জল্পনা কল্পনা শেষে রাজধানীর ইস্কাটনে বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানের বাসা ছেড়েছে পুলিশ। শনিবার আনুমানিক বিকাল পৌনে ৩টায় পুলিশ সদস্যরা শফিক রেহমানের ১৫ ইস্কাটনের বাসা ত্যাগ করে।
এর আগে সকাল ৮টা থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এই বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শফিক রেহমানের উদ্যোগে এলাকার দুঃস্থ ও গরীবদের জন্য খাবার এবং বস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
শফিক রেহমান অভিযোগ করেন, দুঃস্থ ও গরীবদের মধ্যে খাবার এবং বস্ত্র বিতরণের অনুষ্ঠানে কোনো অনুমতি ছাড়াই দুই প্লাটুন পুলিশ চলে আসে। এমনকি তারা বাড়ির ভেতরেও অবস্থান নেয়।
তিনি জানান, কারণ জানতে চাইলে পুলিশ জানায় নিরাপত্তার জন্যই তারা এখানে এসেছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাও নাকি এখানে ঘটতে পারে।
শফিক রেহমান বলেন, এর আগে গত বছরের ৫ মে কিছু দুর্বৃত্ত আমার বাসা ঘেরাও করে রাখে। বিষয়টি পুলিশকে অবহিত করি। কিন্তু ওই সময় অনেকেই আমাকে সহযোগিতা করলেও পুলিশ আমাকে কোনো নিরাপত্তা দেয়নি।
এমনকি তারা ওই সময় বলেছিলেন, আপনার এখানে এলে চাকরি চলে যাবে।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বলেন, এখানে সকালে কিছু লোক আসার কখা ছিল। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় সকালে আমরা এখানে এসেছি। কিন্তু সেরকম কিছু হয়নি।
পরিস্থিতি স্বাভাবিক দেখে বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে বলে তিনি জানান।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]