জমি দখলের অভিযোগ অস্বীকার করে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম বলেছেন, মৃত শামসুল ইসলামের পরিবারের পক্ষে তার স্ত্রী আনোয়ারা ইসলাম ও মেয়ে সানিয়া আমার বিরুদ্ধে অভিযোগ করছে তা মিথ্যা, ভিত্তিহীন। জমি দখলের সঙ্গে আমার কোন সর্ম্পক নেই।

সোমবার বিকালে রাজধানীর গ্রীন রোডের মদিনা স্কয়ার ভবনে  সংবাদ সম্মেলন করে বিষয়টি অস্বীকার তিনি।

হাজী সেলিম বলেন, ‘এ পরিবারের সঙ্গে আমার কিংবা আমার পরিবারের কোনও সম্পৃক্ততা নেই। তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। ওই জমি ও নির্মাণাধীন ভবনের সঙ্গে আমি ও আমার পরিবারের ন্যূনতম কোন সম্পৃক্ততা নেই। সুতরাং দলিল থাকার কোন প্রশ্নই আসে না।’

আমাকে এবং আমার পরিবারকে রাজনৈতিক, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এ অভিযোগ করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ‘উক্ত সংবাদ সম্মেলনে জমি দখলের যে অভিযোগ আনা হয়েছে তারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমি।’
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাজী মো. সেলিম বলেন, ‘আমি একজন নির্বাচিত সংসদ সদস্য ও স্বনামধন্য ব্যবসায়ী। কাজেই কোন জায়গায় স্বশরীরে হাজির হয়ে ভবন নির্মাণ কাজ বন্ধ করার এবং সবাইকে চলে যাওয়ার হুমকির অভিযোগও অবান্তর। উক্ত জমিতে আমার শাশুড়ির মালিকানা আছে কি না তাও জানি না। সরেজমিনে খোঁজ খবর নিলে এর সত্যতা পাওয়া যাবে।’

তিনি বলেন, ‘কোন একটি বিশেষ মহল আমার সামাজিক, রাজনৈতিকভাবে হেয় করতে উক্ত মরহুম সামছুল ইসলাম পরিবারকে দিয়ে অপপ্রচার চালাচ্ছে।’

সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে তারা খুন ও গুমের যে আশঙ্কা করছেন তা বিশেষ উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে হাজী সেলিম বলেন, ‘অভিযোগকারির যে কেউ গুম হয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করতে পারে। এ ব্যাপারে আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিক বন্ধুদের সহযোগিতা কামনা করছি।

ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই