বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ প্রদত্ত এক বিবৃতিতে সুন্দরবনবিনাশী রামপাল চুক্তি বাতিল ও রামপাল বিদ্যুৎ প্রকল্পের যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণার দাবিতে জাতীয় কমিটি আহুত আগামীকাল দেশব্যাপী অবস্থান কর্মসূচির প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছেণ এবং ঢাকায় বেলা ১১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কমসূচি সফল করে তুলতে দেশপ্রেমিক জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামত ও উদ্বেগ-উৎকন্ঠা উপেক্ষা করে সুন্দরবনসহ দেশের দক্ষিণাঞ্চলের প্রাণ-প্রকৃতি-জীববৈচিত্র্য ধ্বংসকারী রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আত্মঘাতি তৎপরতা থেকে সরে আসার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। তিনি বলেন কোন দেশপ্রেমিক সরকার কেবল অন্য রাষ্ট্রকে খুশী করার জন্য এই ধরনের আত্মঘাতি পদক্ষেপ নিতে পারে না।
বিবৃতিতে তিনি সরকারকে তাদের জেদ ও অহমিকা পরিহার করে অতি দ্রুত এই প্রকল্প থেকে সরে আসার দাবি জানান। তা না হলে ফুলবাড়ী ও আড়িয়াল বিলের মত গণজাগরণ-গণপ্রতিরোধের মধ্য দিয়ে দেশের মানুষ সরকারকে এই প্রকল্প বাতিল করাতে সরকারকে বাধ্য করবে।
এমবিএইচ





