সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে বাংলাদের্শ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আদিবাসী পার্টি বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি) নামে নতুনভাবে আত্মপ্রকাশ করেছে।

৫০টি সংখ্যালঘু সংগঠনের সমন্বয়ে গঠিত নতুন এ নতুন রাজনৈতিক দলের প্রতীক হিসাবে পদ্মফুল বলে জানানো হয়।

সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ রাজনৈতিক দলের নাম ঘোষণা করেন দলটির প্রেসিডেন্ট ও মুখপাত্র মিঠুন চৌধুরী।

উপস্থিত ছিলেন-বিজেপির মহাসচিব দেবাশিস সাহা, ঢাকা মহানগর বিজেপির সাধারণ সম্পাদক দেব দুলাল সাহা, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক সবুজ কৃষ্ণ মুরারী, যুব পার্টির সভাপতি আশিক ঘোষ অশিত, সাধারণ সম্পাদক পার্থ প্রতীম বৈরাগী প্রমুখ।

নতুন দলের নাম ঘোষণা করে দলটির মুখপাত্র মিঠুন চৌধুরী বলেন, অর্ধ শতাধিক সংগঠনের সমন্বয়ে গঠিক বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আদিবাসী পার্টি আগামী নির্বাচনে ৩০০ আসনে মনোনয়ন চূড়ান্ত করার স্বার্থে বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি) নামে আত্ম প্রকাশ করল।

এ পার্টির নির্বাচনি প্রতীক হবে পদ্মফুল ও পদ্মফুলের নিচে দু’টি হাত।

তিনি জানান, ২০১৪ সালে সংখ্যালঘুদের জন্য রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আদিবাসী পার্টি আত্ম প্রকাশ করে। সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় গত ৪ বছর এ দলটি রাজপথে বহু আন্দোলন সংগ্রাম করেছে। সেই আন্দোলন সংগ্রামকে আরো বেগবান করতে ৫০টি সমমনা সংগঠনের সমন্বয়ে বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি) নামে আত্মপ্রকাশ করল। 
ভবিষ্যতে বিজেপি সরকারে গেলে যে কাজগুলো করবে তার একটি ফিরিস্তি তুলে ধরেন দলটির প্রেসিডেন্ট মিঠুন চৌধুরী।

সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- অর্পিত সম্পত্তি আইনের জটিলতা নিরসন ও অতি দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়ন, সংবিধান সংশোধন করে সংখ্যা লঘুদের মধ্যে একজন উপ-রাষ্ট্রপতি ও উপ প্রধানমন্ত্রী নিয়োগ, ঢাকার ওপর চাপ কমাতে প্রত্যেকটি বিভাগকে প্রদেশে উন্নীত করা, সংখ্যালঘু নির‌্যাতন প্রতিরোধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘুদের জন্য পৃথক মন্ত্রণালয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও তিন বাহিনীর প্রধান ছাড়া কোনো এমপি, মন্ত্রী ও শিল্পপতি ২০ লাখ টাকার উপরে গাড়ি কিনতে পারবেন না, দূর্গাপূজায় তিন দিনের ছুটির গেজেট প্রকাশ, মূল সার্টিফিকেট ব্যাংকে জমা রেখে বেকার যুবকদের ব্যাংক ঋণ প্রদান ও রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোকে নয়নাভিরাম করে সাজানো প্রভৃতি।

এমএ