পরিকল্পিতভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার সরকারী ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান।

আজ ৩০ নভেম্বর তিনি এ বিবৃতি প্রদান করেন।

তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সরকারী পৃষ্ঠপোষকতায় প্রাইমারী স্কুলের পরীক্ষা থেকে শুরু করে সকল পর্যায়ের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে।

তিনি আরো বলেন, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে এবং ভাইভা পরীক্ষা ছাড়াই ছাত্রলীগের ক্যাডারদের প্রশাসনে নিয়োগ দেয়ার ব্যাপারটি অতিসম্প্রতি প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব এইচ.টি. ইমাম জাতির সামনে ফাঁস করে দিয়েছেন।

মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রেও চলছে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও বিশৃঙ্খলা। শুধু তাই নয়, ভিন্ন দেশ থেকে পাঠ্যপুস্তক ছাপিয়ে আনার ক্ষেত্রেও চলছে ব্যাপক ঘুষ ও দুর্নীতি। তাছাড়া উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের ভর্তি বাণিজ্য, পাস করিয়ে দেয়ার বাণিজ্য, হল এবং হোস্টেলে সিট দখল ও সিটের পজিসন বিক্রয় এবং টেন্ডারবাজী ও চাঁদাবাজী চলছে ব্যাপকভাবে।

আওয়ামী পন্থী দুর্নীতিবাজ শিক্ষক ও ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডার বাহিনীর নিকট শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ ছাত্র/ছাত্রী ও শিক্ষক এবং শিক্ষাঙ্গন জিম্মী হয়ে পড়েছে। শিক্ষা ব্যবস্থার প্রতি স্তরে স্তরে চলছে ব্যাপক দুর্নীতি।

আর মাননীয় শিক্ষামন্ত্রী সমস্ত অভিযোগ অস্বীকার করে কার্যত: দুর্নীতিকেই প্রশ্রয় দিয়ে চলেছেন। মাননীয় শিক্ষামন্ত্রীর দুর্নীতি, ব্যর্থতা ও অযোগ্যতার কারণেই আজ দেশের শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খল ভেঙ্গে পড়েছে।

দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার কোন সুষ্ঠু পরিবেশ নেই। ছাত্রলীগের হত্যা, সন্ত্রাস, দখলদারীর কারণে শিক্ষাঙ্গনে শিক্ষার কোন সুষ্ঠু পরিবেশ নেই। কিন্তু সেদিকে সরকারের ভ্রƒক্ষেপ নেই। সরকার তার গদি রক্ষায়ই ব্যস্ত রয়েছে।

সরকারী দলের নেতা, মন্ত্রী ও উচ্চপদস্থ আমলাগণের সন্তানগণ দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়া-শুনা করে না। তারা বিদেশে পড়া-শুনা করে বলেই দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দিকে সরকারের কোন নজর নেই। এতে দেশের কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের সন্তানগণ সুশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

জাতিকে পরিকল্পিতভাবে মেধাশূন্য করা হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ১৬ কোটি মানুষ। দেশের মানুষের প্রশ্ন সরকার কার স্বার্থে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে? বর্তমান সরকার জাতিকে মূর্খ বানিয়ে ক্ষমতা কুক্ষিগত করার উদ্দেশ্যেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।

শিক্ষাসহ সমাজের সকল ক্ষেত্রে চলছে চরম বিপর্যয়। গ্যাস ও বিদ্যুৎ ক্ষেত্রে চলছে চরম সংকট এবং বিশৃঙ্খলা। প্রশাসনের সর্বস্তরে চলছে দলীয়করণ। এ অবস্থা আর চলতে দেয়া যায় না।

জাতিকে সর্বগ্রাসী ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আন্দোলনের কোন বিকল্প নেই। সরকারের সর্বনাশা ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

এসএইচ