ইন্টারপার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আইপিইউর অধিবেশনের ১৩১তম সম্মেলনের সমাপনী দিনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সাবের হোসেন চৌধুরী ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার স্পিকার ব্রনউইন বিশপ পান মাত্র ৯৫ ভোট। পরবর্তী ৩ বছরের জন্য তিনি এই পদে নির্বাচিত হন। আইপিইউ’র প্রেসিডেন্ট পদে মোট ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিশ্বের ১৬৩টি দেশের পার্লামেন্টের জোট ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি পদে প্রথমবারের মতো বাংলাদেশের কেউ সভাপতি নির্বাচিত হলেন। জাতীয় সংসদ সচিবালয় থেকে সাবের হোসেন চৌধুরীর সভাপতি নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
আইপিইউ বর্তমানে একটি আন্তর্জাতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদাও পেয়েছে। বিভিন্ন দেশের রাজনীতিকদের আলোচনার স্থায়ী ফোরাম হিসেবে ১৮৮৯ সালে আইপিইউ প্রতিষ্ঠিত হয়।
জেএ





