বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গঠিত অস্থায়ী সরকারকে ‘মুজিবনগর সরকার’ বলা ভুল দাবি করে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, যুদ্ধ চলাকালীন সময়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে চিঠি দিয়েছেন তিনি তাতে অস্থায়ী সরকারকে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ বলে উল্লেখ করেছেন আর স্থান হিসেবে মুজিবনগর উল্লেখ করেছেন। তাই যারা অস্থায়ী সরকারকে মুজিব নগর সরকার বলেন তা ভুল এবং উদ্দেশ্য প্রণোদিত।

সোমবার বিকেলে জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘরে দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ৯১ তম জন্ম দিবসের আলোচনায় তিনি বলেন, যারা পাকিস্তানে বিশ্বাসী ছিল তারা দেশের মানুষকে বিভাজিত করার জন্য মুজিবনগরী এবং অমুজিবনগরী প্রচারণা চালিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত আমরাও এই দেশ বিভাজনের প্রচারণাকে শুদ্ধ মনে করে মুজিবনগর সরকার দিবস পালন করি।

তিনি আরো বলেন, তাজ উদ্দিন আহমদ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে চাকরির জন্য উৎসাহ দিতেন এবং বলতেন অভিজ্ঞতা অর্জন করুন পরে কাজে লাগবে। কারণ এদের সাথে (পাকিস্তান) বেশিদিন থাকা যাবে না। পরবর্তীতে ৬দফা এবং মুক্তিযুদ্ধে পাকিস্তান সিভিল সার্ভিসের অফিসাররা গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছে।

আলোচনা তাজউদ্দিন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি বলেন, তাজউদ্দিনের স্বপ্ন ছিল সরকারি প্রতিষ্ঠানগুলো সবল এবং শক্তিশালী হবে। তাই তার স্বপ্ন বাস্তবায়নের জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আনোয়ার হোসেন এবং অনুষ্ঠানে তাজউদ্দিন আহমদের কবিতা ও চিঠি পড়ে শোনান শেখ শহিদুল ইসলাম রাজু।

ইআর/এমআইএস