ক্ষমতাসীন সরকার গুম, খুন ও অপহরণ বন্ধে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেনর জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সারা দেশে গুম, খুন ও অপহরণের প্রতিবাদে জাপা আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
স্বজনহারাদের আর্তনাদ শোনার জন্য প্রধানমন্ত্রীর উদ্দেশে বাবলু বলেন, দেশে এখন কেউ নিরাপদ নয়। যে দেশে দিনে দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে মানুষকে অপহরণ করে হত্যা করা হয়, সে দেশে স্বাধীনতা আছে অন্তত এ কথা বলা যায় না।
তিনি আরো বলেন, খুব কঠিন মুহূর্তে জাপা রাস্তায় নেমেছে। আমরা অবিলম্বে নারায়ণগঞ্জের হত্যাসহ সারা দেশের প্রতিটি গুম, অপহরণ ও খুনের বিচার চাই।
রাষ্ট্রপতিকে দেশের বর্তমান পরিস্থিতিতে সংসদ অধিবেশন ডাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা রাজনীতি করে দেশের জন্য তাদের দায়িত্ব একটু বেশি। সেই দায়িত্ববোধ থেকে আমাদেরকে রাস্তায় নামার আদেশ দিয়েছেন জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, এমএ হান্নান, তাজ রহমান, এড. শেখ সিরাজুল ইসলাম, সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর, অধ্যক্ষ রওশনারা হান্নান প্রমুখ।
[b]ঢাকা, ৮ মে (টাইমুনিউজবিডি.কম)// এসএইচ[/b]