ইসলামী ছাত্রশিবির চৌগাছা উপজেলা শাখার দুই নেতা গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাতে তাদের গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনে পুলিশ। এর আগে বুধবার তাদের আটক করে থানা হেফাজতে রাখা হয়েছিল বলে তাদের পরিবার-সদস্যরা দাবি করেছেন।
তবে পুলিশ দাবি করছে, রাস্তায় সিগন্যাল দেয়া হলে ওই দুই যুবক পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে তারা আহত হন।
আহত দুই যুবক হলেন, চৌগাছা উপজেলার স্বরূপদহ ইউনিয়নের চুটারহুদা গ্রামের আব্দুর রহমানের ছেলে ইস্রাফিল হোসেন (২০) এবং নারায়ণপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে রুহুল আমিন। ইস্রাফিল চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি। আর রুহুল আমিন একই সংগঠনের উপজেলা শাখার সাহিত্য সম্পাদক।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মসিউর রহমান বলেন, ‘বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বুন্দলিতলায় টহল পুলিশ অবস্থান করছিল। এ সময় ওই রাস্তা দিয়ে দুই যুবককে মোটরসাইকেল যেতে দেখে পুলিশ তাদের থামার সিগন্যাল দেয়। কিন্তু মোটরসাইকেল আরোহীরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে। এতে পুলিশের এএসআই সিরাজুল ইসলাম ও কনস্টেবল জহিরুল হক আহত হন। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ৫-৭ রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে দুই যুবক আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
পরিবারের দাবি, বুধবার রাতে পুলিশ এই দু'জনকে ধরে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে পরিবার দুটির সদস্যরা চৌগাছা থানায় গিয়ে হাজতখানায় ইস্রাফিল ও রুহুল রয়েছেন বলে দেখেন। পরিবার দুটির সদস্যরা ওই দু’জনকে সকালের নাস্তাও কিনে দেন। পরে বৃহস্পতিবার রাতে ‘রুহুল ও ইস্রাফিল গুলিবিদ্ধ হয়েছে’ বলে পুলিশই পরিবার দুটিকে খবর দেয়।
এসএ





