আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “বিএনপিকে ভাঙার জন্য আওয়ামী লীগের প্রয়োজন নেই, বিএনপিকে ভাঙার জন্য বিএনপিই যথেষ্ট।”

আজ (সোমবার) রাজধানীর ধানমণ্ডিতে (ঢাকা-১০ নির্বাচনী এলাকা) আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেছেন, “আদালতের রায়ের আগেই গোপনে তড়িঘড়ি করে গঠনতন্ত্র সংশোধন করেছে বিএনপি।”

কাউকে জোর করে সদস্য না করতে এবং ক্ষমতার দাপট না দেখাতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নির্দেশ দেন সেতুমন্ত্রী।  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “মামলা ও হামলার ভয়ে আজকে বিএনপি তাঁদের সংবিধান পরিবর্তন করে ফেলেছে। কি অদ্ভূত তাদের গঠনতন্ত্র। ঘরেই যাদের গণতন্ত্র নেই, তাঁরা দেশে কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?”

ওবায়দুল কাদের বলেন, “সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন আদালতের বিরুদ্ধে আন্দোলন করছে।”

কাদের আরও বলেন, “যদি বেগম জিয়া দণ্ডিত হয়ে যান অথবা দুর্নীতির মামলায় সাজা পান এবং সে কারণে সরকারি দল যাতে দল ভাঙতে না পারে সেজন্য ৭ ধারা নির্বাসনে চলে গেছে। ফখরুল সাহেব, বিএনপিকে ভাঙার জন্য আওয়ামী লীগের প্রয়োজন নেই, বিএনপিকে ভাঙার জন্য বিএনপিই যথেষ্ট।”

এমবি