অর্থপাচার মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে (৩১) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল (২১ আগস্ট) শুক্রবার রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো: আলিমুজ্জামান এই বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার বলেন, “ফরিদপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ হাসান ওরফে রুবেলের বিরুদ্ধে দায়ের করা দুই হাজার কোটি টাকা অর্থপাচার মামলার তদন্ত করছে সিআইডি।”
আলিমুজ্জামান বলেন, “এই অর্থ পাচারের সঙ্গে ছাত্রলীগ নেতা শামীমও জড়িত বলে ওই দুজন গত ৩০ জুলাই ঢাকার একটি আদালতে জানান।”
তিনি বলেন, “ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার অভিযোগে গত ০৭ জুন সাজ্জাদ ও রুবেলকে গ্রেফতার করা হয়।”
এসপি আলিমুজ্জামান জানান, ওই ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে তারা দুজন মিলে প্রায় দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।
পরে ২৬ জুন সিআইডি তাদের দুজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় অর্থপাচার আইনে মামলা দায়ের করে।
এমবি





