২০ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচী সফল করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান। সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে দেশবাসী অবরোধ কর্মসূচি সফল করায় এ অভিনন্দ জানান তিনি।
বিবৃতিতে তিনি অবরোধকারীদের উপর পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা, গণতান্ত্রিক কর্মসূচী পালনে বাধাদান ও গ্রেফতারের তীব্র নিন্দা-প্রতিবাদ, গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানান।
৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসে ২০ দলীয় জোটের সমাবেশে বাধাদানের প্রতিবাদ অনির্দিষ্টকালের অবরোধের ডাকদেন খালেদা জিয়া।
অবিলম্বে অবৈধ সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী এ কর্মসূচির ডাক দেন তিনি।
বিবৃতিতে জামায়াতের মহানগরী আমীর বলেন, সরকার গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করেছে। দেশে আবারও একদলীয় বাকশালী শাসন কায়েমের জন্যই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছে।
সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে সাজানো হয়েছে আত্মসম্মানহীন ও আজ্ঞাবহ লোক দিয়ে। এই বিতর্কিত নির্বাচন কমিশনের মাধ্যমেই ৫ জানুয়ারি নির্বাচনের নামে প্রহসনের নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে।
তিনি বলেন, ফ্যাসীবাদী সরকার ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে ৮ম দিনের মত সম্পূর্ণ অমানবিক ও শিষ্টাচার বহির্ভূতভাবে অবরুদ্ধ করে রেখেছে।
এমকে





