বিদেশী সরকার ও সংস্থা সম্পর্কে মিথ্যাচার তথাকথিত সরকারের অস্থিরতার বহি:প্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
শমসের মবিন আরও বলেন, মিথ্যাচার আওয়ামী লীগের জন্য নতুন কিছু নয়। বিএনপি মনে করে আওয়ামী লীগের একের পর এক মিথ্যাচারের ফলে আর্ন্তজাতিক সম্পর্কেও ক্ষেত্রে টানাপোড়েন সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, সবচেয়ে বিস্ময়কর হচ্ছে তথাকথিত সরকার প্রধান বিদেশীদের প্রত্রিক্রিয়া অস্বীকার ও মিথ্যাচার করে যাচ্ছে। তাই এভাবে প্রতিনিয়ত মিথ্যাচার কূটনৈতিক সর্ম্পকের ক্ষেত্রে দৃষ্টিকটু ও রাজনীতি শিষ্ঠাচার বর্হিভূত।
তিনি আরো বলেন, বন্ধুপ্রতীম দেশ গুলোর সঙ্গে এমন মিথ্যাচার করা হলে তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। ইতোমধ্যে ব্রিটিশ সরকার বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারে চিন্তা করার কথা বলেছেন।
প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রী প্রতিনিয়ত মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্তিতে ফেলছেন এমন অভিযোগ করে তিনি বলেন, শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিট ক্যামেরুন বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন অতীত হয়ে গেছে।’ অথচ বৃটিশ প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রেরিত বিবৃতিতে এমন কোনো তথ্য উল্লেখ নেই। ৫ জানুয়ারির নির্বাচনের আগের মতোই তাদের অবস্থান এখনো বিদ্যামান রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের এ ধরণের মিথ্যাচার নতুন নয়, এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি সফর শেষে দেশে ফিরলে সাবেক পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি বলেছিলেন, ‘এর আগে কেউ সৌদি বাদশার সঙ্গে দেখা করতে পারেনি।’ যা হাস্যকর।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, বিএনপি সব সময় সকল দলের অংশ গ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আলোচনার মাধ্যমে সমাধান চান। কাজেই সংলাপ আলোচনা উপেক্ষা করা স্বৈর শাসকেরই লক্ষণ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির পররাস্ট্র বিষয়ে উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, এনাম আহমেদ চৌধুরী, আর্ন্তজাতিক সম্পাদক ড.আসাদুজ্জামান রিপন প্রমুখ ।
ঢাকা, এমএইচ,২৬ জুলাই(টাইমনিউজবিডি.কম)





