বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, যে গণতন্ত্রের চেতনায় বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল সেই গণতন্ত্র বর্তমানে দেশে নেই। এই গণতন্ত্রের অনুপস্থিতিই দেশের চলমান সংকটের মুল কারণ।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে বাংলাদেশ বৌদ্ধ ফ্রন্ট আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্রের সংকট ও উত্তোরণের পথ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মাহবুবুর রহমান বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে আ’লীগ বলেছিল এটা সংবিধান রক্ষার নির্বাচন, এরপর আরেকটি নির্বাচন হবে। কিন্তু এখন তারা বলছে ২০১৯ সালের আগে নির্বাচন হবে না। তাদের এই বক্তব্যে দেশবাসীসহ বিশ্ববাসী হতাশ হয়েছে।
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজ হওয়ার বিষয়ে তিনি বলেন, সালাহ উদ্দিন অনেক দিন ধরে নিখোঁজ। এর জবাব সরকারকেই দিতে হবে। সরকারের দায়িত্বই হচ্ছে তার সন্ধান নিশ্চিত করা। কিন্তু সরকার এখন পযর্ন্ত তার সন্ধান দিতে পারেনি।
দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে এমন মন্তব্য করে সাবেক এ সেনাপ্রধান বলেন, সরকারের লোকেরা বলে দেশের মধ্যে গৃহযুদ্ধ হচ্ছে না। তাহলে কেন গভীর রাতে মানুষ হারিয়ে যায়। কেন আইন-শৃঙ্খলা বাহিনী তথাকথিত বন্দুকযুদ্ধের নামে নির্বিচারে মানুষ হত্যা করছে। এই দেশে এখন কেউ নিরাপদ নয়।
বাঙালি জাতি বার বার ঐক্যবদ্ধ হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। জিয়াউর রহমানও দেশে জাতীয় ঐক্য তৈরি করেছিলেন। কিন্তু বর্তমানে গোটা দেশ বিভক্ত। কোন জাতীয় ঐক্য নেই।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বিএনপি গণতান্ত্রিক দল। আমরা নির্বাচনে বিশ্বাসী। নির্বাচনের বিষয়ে বিএনপি ইতিবাচক। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও এই নির্বাচনের বিষয়ে ইতিবাচক কথা বলেছেন। তবে নির্বাচন সুষ্ঠু করতে হবে বলেও নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, দেশে আজ মহা সংকট চলছে এই সংকট থেকে মুক্তির জন্য এখন একটা জাতীয় নির্বাচন প্রয়োজন, আর পরিবেশ সৃষ্টি করতে হবে সরকারকেই। যখন পরিবেশ সৃষ্টি হবে, বিএনপি তখনি জাতীয় নির্বাচনে যাবে।
আয়োজক সংগঠনের আহবায়ক প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া, অধ্যাপক ড. দিলীপ বড়ুয়া, আয়োজক কমিটির যুগ্ম-আহবায়ক বাবু সুশিল বড়ুয়া, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি শামা ওবায়েদ ও বিপ্লব বড়ুয়া প্রমুখ।
জেএ





