ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, অপশাসনের কবলে পড়ে বাংলাদেশ দ্রুত পতনের দিকে ধাবিত হচ্ছে। আওয়ামী অপশাসনে সারাদেশের মানুষ আজ ক্ষুব্ধ। অপশাসন বিরোধী চূড়ান্ত আন্দোলনের জন্য ছাত্রজনতা প্রস্তুত।
শুক্রবার রাজধানীর এক মিলনায়তনে ড.মুহাম্মাদ নূরুল ইসলামের লেখা ‘ইসলাম ও অন্যান্য মতবাদ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেক্রেটারী জেনারেল আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বুলবুল, মো.সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাভিদ আনোয়ার, সাহিত্য সম্পাদক ইয়াসীন আরাফাত প্রমূখ।
শিবির সভাপতি বলেন, গত মেয়াদে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর থেকে দূর্নীতি, সন্ত্রাস ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। যে বাংলাদেশ ধীরে ধীরে শক্তিশালী গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছিল, আওয়ামী লীগ ও তার দোসরদের ষড়যন্ত্রে সেই বাংলাদেশ আবারো উল্টো পথে যাত্রা শুরু করেছে।
ইতিহাসের দিকে তাকালে এ কথা স্পষ্ট হয় যে, আওয়ামী লীগ কখনোই দেশ পরিচালনায় ভালো ছিল না। বরং দেশের শাসনভার গ্রহণ করে তারা বারবার নিকৃষ্ট সব উদাহরণ তৈরি করেছে। বাকশাল থেকে শুরু করে আজকের শেখ হাসিনার একনায়কতন্ত্র প্রমান করে এই দলটি গণতন্ত্রের শত্রু।
তিনি বই সম্পর্কে বলতে গিয়ে বলেন ,বইটি ছাত্র সমাজের জন্য একটি দৃষ্টান্ত ,সাধারন মানুষ সহ ছাত্র সমাজকে আলোর পথ দেখাতে এই বই সহযোগীতা করবে।
তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সুশাসনের কোন বিকল্প নেই। আর সুশাসন নিশ্চিত করতে প্রয়োজন সৎ ও দক্ষ্য নেতৃত্ব। স্বাধীনতার পরবর্তী সময়ে আওয়ামীলীগ এ ধরণের নেতা তৈরিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। উল্টো তৈরি করেছে লুটেরা, চাঁদাবাজ, সন্ত্রাসী ও ধর্ষণের সেঞ্চুরীকারী নেতৃত্ব।
যার ফলে দেশ অধপতনের দিকেই ধাবিত হয়েছে। স্বাধীনতার চার দশক পেরিয়ে গেলেও বাংলাদেশ কাংখিত সমৃদ্ধি লাভ না করার প্রধান কারণ এই ফ্যাসিষ্ট দলটিই।
তিনি আরও বলেন, সময় এসেছে আপামর জনসাধারণ এক কাতারে দাঁড়িয়ে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার। অন্যথায় জাতির ঘাড়ে দীর্ঘ মেয়াদে জগদ্দল পাথর চেপে বসতে পারে। ছাত্রশিবির ছাত্রজনতাকে সাথে নিয়ে প্রস্তুত রয়েছে। শিবির সভাপতি অপশাসন বিরোধী আন্দোলনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখতে দেশবাসীর প্রতি আহবান জানান।
এআর





