ক্ষমতায় গেলে গুমের সঙ্গে জড়িতদের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার করা হবে বলে জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘পরিস্কার করে বলতে চাই, এ দেশের মানুষ ন্যায়সঙ্গত সংগ্রাম ও গণতন্ত্রের জন্য আন্দোলনে কখনো পরাজিত হয়নি। বিজয় হবেই। এখন যেমন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে, তেমনি গুমের সঙ্গে জড়িতদের মানবতাবিরোধী অপরাধে বিচার করা হবে।’
রোববার বিকালে নয়াপল্টনে ছাত্রদলের ‘গুম হওয়া’ দুই নেতা সবুজবাগ থানার সভাপতি মাহবুব হাসান সুজন ও ২৮নং ওয়ার্ড সভাপতি কাজী ফরহাদ হোসেনের স্মরনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ এর আয়োজন করে।
এ সময় সুজনের স্ত্রী তানজিলা আক্তার ও তার দুই শিশু এবং ফরহাদের বোন কাজী খুরশিদা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধূরী এ্যানী, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এমএইস, জেএ





