সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ।
বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতের পাশে টহল পুলিশের ওপর জঙ্গি হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এরশাদ।
তিনি বলেন, পবিত্র ঈদের দিনে ঈদের নামাজ চলাকালে ঈদ জামাতের পাশে যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে, তারা ইসলামের শত্রু। ইসলামের ‘অজ্ঞাত’ শত্রুদের চিহ্নিত করে তাদের নির্মূল করতে হবে।
বিবৃতিতে শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
উল্লেখ্য, সকালে দেশের বৃহত্তম ঈদের জামাত শোলাকিয়া ঈদগাহ ময়দানের প্রবেশপথে হামলা করে সন্ত্রাসীরা। এ সময় জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে দুই পুলিশ সদস্য, এক নারী এবং এক হামলাকারী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
এমআইএস





