কেন্দ্র দখল, জালভোট, এজেন্টদের বের করে দেওয়া, দলীয় নেতা হত্যার ঘটনায় চট্টগ্রামের ১০ পৌরসভায় পুনঃনির্বাচন দাবি করেছে বিএনপি।

একই সঙ্গে চট্টগ্রামের নেতারা জনগণের ভোটাধিকার সরকার গলা টিপে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের চট্টেশ্বরী রোডের বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চট্টগ্রাম বিভাগীয় নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

সংবাদ সম্মেলনে মীর নাছির বলেন, পৌরসভা নির্বাচনে বিএনপি’র পক্ষে গণজোয়ার সৃষ্টি হওয়ায় সরকার অস্ত্রের মহড়া দিয়ে সব ভোটকেন্দ্র দখল করে নিজেদের প্রার্থীকে বিজয়ী করার যাবতীয় আয়োজন করেছে। জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে।

মীর নাছির বলেন, সকাল ৯টার মধ্যেই সরকার দলীয় ক্যাডাররা প্রতিটি পৌরসভার সব ভোটকেন্দ্র দখল করে নিয়েছে। সাতকানিয়ায় ভোটকেন্দ্র দখল করতে গিয়ে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা করেছেরা।

কোনো ভোট কেন্দ্রেই বিএনপি’র প্রার্থীদের এজেন্টদের থাকতে দেওয়া হয়নি। সীতাকুন্ডে বিএনপি সমর্থিত প্রার্থীকেও ভোট দিতে দেওয়া হয়নি।

মীর নাছির বলেন, আমরা ভোট বর্জন করছি না, তবে বর্তমান পরিস্থিতিতে ভোটগ্রহণ বন্ধ করে পুনঃতফসিল ঘোষণার মাধ্যমে চট্টগ্রামের সব পৌরসভায় নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি।

এসএইচ