অপরাধীদের ফাঁসি দিয়ে অপরাধ বন্ধ করে জনগণকে রক্ষা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, সারা দেশে আজ সরকারের ছত্রছায়ায় গডফাদার সৃষ্টি হয়েছে। ওরা যা খুশি তা করতে পারে। কিন্তু তাদের বিরুদ্ধে কিছুই হয় না। এ কারণে আরও গডফাদার তৈরি হচ্ছে।
রাজধানীর বনানীর জাপার চেয়ারম্যানের কার্যলয়ে গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ জাসদ ছাত্রলীগ (জাসদ-রব) কেন্দ্রিয় কমিটির সভাপতি-সম্পাদকসহ অর্ধ শতাধিক কর্মী জাতীয় ছাত্র সমাজে যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব অভিযোগ করেন।
জাপা চেয়ারম্যান বলেন, নূর হোসেনের বাসস্ট্যান্ড থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার হয়েছে। এটা কি পুলিশের অজান্তে এসেছে! পুলিশ সব জানতো কিন্তু তাকে ছোঁয়ার ক্ষমতা নেই। পত্রিকায় এসেছে একজন সংসদ সদস্য (এমপি) ইয়াবা সম্রাট নামে পরিচিত। জনগণ তার কাছ থেকে আর কি আশা করে। আমি এ এমপির নাম বলব না। এটি অত্যন্ত দু:খের বিষয়। দেশে আজ এসব কি দেখছি।
এরশাদ আরও বলেন, রংপুর পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে একটি টেন্ডার হয়েছিল। আর এ অফিস থেকে ছাত্রলীগ টেন্ডার বক্স ছিনতাইয়ের প্রস্তুতি নেয়। তারা এত সাহস কোথায় পায়? কারণ তারা জানে, তাদের কিছুই হবে না। আমি এর আগে একদিন বক্তব্য রেখেছিলাম, জিয়া যেদিন খুন হন তার পাশের রুমে বিএনপির এক নেতা ছিলেন। আমি কারও নাম উল্লেখ করিনি। কিন্তু বদরুদ্দোজা চৌধুরী কেন প্রতিক্রিয়া দেখালেন আমি বুঝতে পারি না।
রাজনৈতিকভাবে জিপিএ-৫ বেড়েছে দাবি করে এরশাদ বলেন, শিক্ষার পরিধি বাড়লেও সত্যিকার অর্থে শিক্ষার বিস্তার হয়নি। জিপিএ-৫ প্রাপ্ত পাওয়া শিক্ষার্থীরাও আজ শুদ্ধভাবে বাংলা-ইংরেজি লিখতে পারে না। তারা ইয়াবাতে আসক্ত হয়ে কাউকে শ্রদ্ধা করে না। বাবা-মাকে পর্যন্ত খুন করছে। সরকারের দায়িত্ব এগুলো দেখা। কিন্তু সরকার দেখছে না। তাই এ জাতির ভবিষ্যত অন্ধকার।
মানসম্মত শিক্ষা নিশ্চিত করার দাবি জানিয়ে এরশাদ বলেন, অপকর্মের সঙ্গে জড়িত সকল গড়ফাদাররদের ফাঁসি দিয়ে অপরাধ বন্ধ করুন। তাহলে দেশের জনগণ পরিত্রাণ পাবে।  
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাপার মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু বলেন, ছাত্রলীগ আজ টেন্ডারবাজি, চাঁদাবাজি ও ভাড়া খাটছে। এসব কথা শুনে দু:খ হয়। যখনই পত্রিকা খুলবেন তখনই তাদের এসব অপকর্ম দেখবেন। তারা ছাত্রের নামে অছাত্রের রাজনীতি করছে। এরাই দেশের শুত্রু।
তিনি আরও বলেন, এরশাদ স্বৈরাচার নন, গণবিচ্ছিন্নও নন। তিনি একজন জননন্দিত শাসক। আজ আমাদের বাঁচার অধিকার নেই। দেশ জুড়ে খুন-গুম-অপহরণ চলছে। দেখার কেউ নেই।
জাতীয় ছাত্র সমাজ সভাপতি সৈয়দ ইফতেখার আহসান হাসানের সভাপতিত্বে যোগদান সভায় আরও বক্তব্য রাখেন, জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, রেজাউল ইসলাম ভুঁইয়া, শাহ-ই-আজম, অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী, জামাল উদ্দিন, জিয়া উর-রহমান জয়, আব্দুল কাদের, মুরাল জিয়াউর রহমান, মো: সাদেকুর রহমান তালুকদার ও মো: মাসুদুর রহমান। 
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]