সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী রবিবার ১৯ জানুয়ারি। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর ছায়াসুনিবিড় নিভৃত জনপদ বাগবাড়ীর এক বনেদি মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিয়াউর রহমান

দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ নিয়ে আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল ১৯ জানুয়ারি রোববার সকাল ১০টায় বিএনপির জাতীয় নেতারা শেরে বাংলানগরে শহীদ জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ অর্পণ করবেন।

আগামীকাল দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। জন্মবার্ষিকী উপলক্ষে দৈনিক সংবাদপত্রে ক্রোড়পত্র ও পোস্টার প্রকাশ করা হবে।

বিএনপির উদ্যোগে আগামীকাল দুপুর ২টায় রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুরূপভাবে সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ের ইউনিটগুলো নিজেদের সুবিধানুযায়ী যথাযথযোগ্য মর্যাদায় দিবসটি পালনে উদ্যোগ গ্রহণ করবে।

আগামীকাল বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে।

এএস