বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশানের কার্যালয় থেকে সরাসরি বাসা ছাড়া অন্যকোথাও যেতে পারবেন না। এমনকি অন্যকোথাও যাওয়ার সুযোগও দিবে না পুলিশ। তিনি যদি বাসায় যেতে না চান তাহলে তার কার্যালয়েই থাকতে হবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থা থেকে এমন তথ্য জানা গেছে।
রোববার রাত দুইটা পর্যন্ত কার্যালয়েই অবস্থান করছিলেন খালেদা জিয়া।
পুলিশের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, ৫ জানুয়ারি দেশেবিরোধী শক্তি কোনো অঘটন ঘটিয়ে সরকারের ওপর দায় চাপিয়ে দিতে পারে। এ কারণেই খালেদা জিয়ার জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
শনিবার রাতে বাড্ডা থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল জলিল বলেন, খালেদা জিয়ার কার্যালয়ের নিরাপত্তার দায়িত্ব পালন করছি। অনাকাঙ্খিত ঘটনা এড়ানোর জন্যই তার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশি নিরাপত্তার বেষ্টনিতে তাকে গুলশান কার্যালয় থেকে তার বাসভবনে পৌঁছে দেয়া হবে। সেখানেও তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কাজ করা হবে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, খালেদা গুলশান কার্যালয়ে নিয়মিত অফিস করার অংশ হিসেবে শনিবার রাতেও নিরাপত্তার ব্যবস্থা তেমনই ছিল। কিন্তু এ সময় গোয়েন্দা কর্মকর্তাদের কাছে খবর ছিল, তিনি (খালেদা জিয়া) রাতে বাসায় না ফিরে অন্য কোথাও গিয়ে অবস্থান করবেন। সেখান থেকে তিনি ৫ জানুয়ারি সকালে কর্মসূচিতে যোগ দিবেন। এমনকি সমাবেশের অনুমতি দিলে কর্মসূচিতে যোগ দিবেন, অন্যথায় পল্টন কার্যালয়ের সামনে অবস্থান করবেন। এই তথ্য পাওয়ার পর প্রাথমিকভাবে গুলশান, বাড্ডা, বনানী পুলিশ সদস্য, মহানগর গোয়েন্দা পুলিশের সদস্য গুলশানে খালেদা জিয়ার অফিসের সমানে অবস্থান নেয়।
এদিকে রোববার রাতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলাবাহিনীর আট থেকে ১০টি গাড়ি টহল দিতে দেখা যায়। রোববার রাত পৌনে ১১টার দিকে রাজারবাগ পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাত ১২টার দিকে গুলশান কার্যালয় থেকে বের হয়ে রওনা দিতে গেলে খালেদার গাড়ি আটকে দেয় পুলিশ।
খালেদা জিয়ার গন্তব্য নিশ্চিত জানার চেষ্টা করে পুলিশ সদস্যরা এমনটা করেছে বলে জানা গেছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন একাধিকবারের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ছিলেন। এ সব বিষয় মাথায় রেখে তার নিরাপত্তার বিয়ষটি জোরদার করা হয়েছে।
এর আগে শনিবার রাতে খালেদা জিয়াকে কার্যালয় থেকে বের হতে দিচ্ছে না বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ম্যাডাম তার গুলশান কার্যালয়ে অবস্থান করছেন। তার গাড়ি মূল ফটকের সামনে আটকিয়ে রেখেছে পুলিশ সদস্যরা।
এছাড়া চেয়ারপারসনের প্রেস উইংয়ের অপর সদস্য শামসুদ্দিন দিদার জানান, শনিবার রাত সাড়ে ১১টা থেকে ম্যাডামের গুলশান কার্যালয়ের মূল ফটকের সামনে ও রাস্তার দু’পাশে পুলিশ ব্যারিকেট দিয়ে রাখে।
তিনি জানান, রাত ১২টার দিকে ম্যাডাম বের হতে চাইলে তাকে বাধা দেয়া হয়। তিনি বেশ কিছু সময় গাড়িতে বসে থেকে আবার তিনি তার নিজ কক্ষে চলে যান।
কেএইচ





