বিএনপি চেয়ারপারসন, ১৮ দলীয় জোট নেতা ও সাবেক প্রধানমন্ত্রী  খালেদা জিয়া বলেছেন, একমাত্র আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে দাবি আদায়ে বাধ্য করা হবে। এই অবৈধ সরকার শহর থেকে একের পর এক নেতাকর্মীদের অপহরণ করে গ্রামে নিয়ে হত্যা করছে। আবার এই হত্যাকান্ডের শিকার হওয়া নেতাকর্মীদের মধ্যে অনেকেরই সন্ধান মিলছে না।
সোমবার রাত ৯ টায় গুলাশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শেরপুর জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে বেগম খালেদা জিয়া এ কথা বলেন।
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ক্ষমতায় অবৈধ পন্থায় টিকে থাকতে যতোই হত্যা, গুম, খুন ও নির্যাতন করেন না কেন-দেশের জনগণ আমাদের সঙ্গে আছে এবং সব সময় থাকবে। আর সবাইকে সঙ্গে নিয়ে এই অবৈধ সরকারকে হটিয়ে একটি সুন্দর দেশ উপহার দেওয়া হবে।
খালেদা জিয়া আরও বলেন, দলের সকল বিভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ঐক্য গড়ে তোলা হচ্ছে। এবার দেশের প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটি থানা, উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে নারীদের গুরুত্ব দিয়ে দলে অন্তর্ভূক্ত করা হবে। যাদের যোগ্যতা, দক্ষতা, মেধা আছে, সংগঠন গতিশীল করার স্বার্থে তাঁদের নেতৃত্বে নিয়ে আসা হবে। কমিটিতে থাকবে নবীন-প্রবীণের সমন্বয়।
তিনি বলেন, আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। আওয়ামী লীগ প্রতিদিন মানুষ মারছে। প্রতিনিয়তই গুম, খুন বাড়ছে। অপহরণ করে মেরে ফেলা হচ্ছে দলের নেতাকর্মীদের। বেওয়ারিশ ও অজ্ঞাত পরিচয়ে তাদের লাশ পাওয়া যাচ্ছে যেখানে-সেখানে।
মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, ফজলুল হক মিলন, মিজানুর রহমান মিনু, ব্যরিস্টার হায়দার আলী, শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]