বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও হরতালের প্রতিবাদের সারাদেশে যানবাহনের হর্ন বাজানো কর্মসূচি ঘোষণা করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে শ্রমিক-কর্মচারী-পেশাজীবি-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
শাহজাহান খানের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৫ ফেব্রুয়ারি বেলা ১২.৪৫ থেকে ১টা পর্যন্ত সারাদেশের রাস্তায় দাঁড়িয়ে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। এরপর দুপুর ১টায় সারা দেশে সব যানবাহনে হর্ন বাজিয়ে প্রতিবাদ জানানো হবে।
৭ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় দলের কনভেনশন থেকে বৃহত্তর গণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন খালেদা জিয়া ও তার নেতৃত্বধীন ২০ দলীয় জোট। তাই সবাইকে ঐক্যবদ্ধভাকে এদেরকে প্রতিহত করতে হবে।
এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত হরতাল বিরোধী এক কর্মসূচিতে নৌ মন্ত্রী বলেন, ২০ দলীয় জোটের বিষাক্ত ছোবলে বাংলার মানুষ বিষিয়ে উঠেছে। এখন এদেরকে প্রতিরোধ করার সময় হয়েছে।
খালেদা জিয়া বাংলাদেশে রাজনৈতিক খলনায়িকা হিসেবেও উল্লেক করেছেন নৌ মন্ত্রী।
সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সাবেক কৃষক লীগ নেতা এম এ করিম, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু সহ প্রমুখ।
এমআর/জেডআই





