রাজধানীর মিরপুরের বিহারী ক্যাম্পে ১০ জন লোকের প্রাণহানীর ঘটনায় শোক প্রকাশ করে বিচার বিভাগীয় তদন্তের দাবী করলেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

শনিবার দুপুরে দলের দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই দাবী করেন।

আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত এই হামলাকে কাপুরুষোচিত ও বর্বর হামলা হিসেবে অভিহিত করে তিনি আরও বলেন, বিএনপি যে কোনো ধরনের সন্ত্রাসী আক্রমণকে মানব সভ্যতা ধ্বংসকারী কর্মকান্ড বলে মনে করে।

খালেদা জিয়া বলেন, সরকার আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করার জন্যই তারা এখন বেপরোয়া হয়ে উঠেছে। সুতরাং সরকারী দলের সন্ত্রাসীদের সহযোগী হিসেবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো শুধুমাত্র বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপরই পৈশাচিক হামলা চালাচ্ছে না, এদের কারণেই সাধারণ নাগরিকরাও ভয়ে ও আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে।

বিএনপি চেয়ারপার্সন মিরপুরের বিহারী ক্যাম্পে সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।
ঢাকা, এমএইচ, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম)