বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য শামসুজ্জামান দুদু বলেন, এই সরকার হলমার্ক খেয়েছে, বিসমিল্লাহ গ্রুপ খেয়েছে, শেয়ার বাজার খেয়েছে, ডেসটিনি খেয়েছে এখন জনগণের পকেটের টাকা খাওয়ার জন্য তেল-গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করছে।

যেদিন থেকে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা দেবে সেদিন থেকেই এই সরকার পতনের চুড়ান্ত আন্দোলন শুরু হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।

আজ শনিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র উদ্যোগে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি সিদ্ধান্তের ঘোষণার প্রতিবাদে নাগরিক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকারের ছাত্র লীগের সোনার ছেলেরা তারা নিজেরা নিজেদের ভাইয়ের রক্ত খাচ্ছে নৃশংসভাবে হত্যাকান্ডের মধ্য দিয়ে। সারা বাংলাদেশের শিক্ষাঙ্গণ আজ ছাত্র লীগের ক্যাডার বাহিনীর হাতে জিম্মি হয়ে রয়েছে।

মানবাধিকার কমিশন এখন নিশ্চুপ থাকে। তাদের মুখে রাষ্ট্রীয় কুলুপ এঁটে দিয়েছে সরকার।

তিনি বলেন, এই সরকার যত বেশী ক্ষমতায় থাকবে ততই জনগণ বিপদগ্রস্ত হবে। কারণ যে সরকার বিনা ভোটে নির্বাচন না করে সরকার গঠন করেছে সেই সরকার ক্ষমতায় থাকার জন্য ছাত্রলীগকে গুন্ডালীগে পরিণত করেছে। আর পুলিশ বাহিনীকে আওয়ামী পুলিশ লীগ বানিয়ে ফেলেছে।

যতদ্রুত এই সরকারের পতন হবে তত দ্রুতই দেশের জনগণের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি ও গণতন্ত্র মুক্তি পাবে। তিনি সকলকে দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানান।

এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা’র সভাপতিত্বে ও এনডিপির যুগ্ম মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা’র পরিালনায় আরো বক্তব্য রাখেন ডিএলএ’র মহাসচিব সাইফুদ্দিন মনি, জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন, এনডিপি’র প্রেসিডিয়াম সদস্য এড. রবিউল ইসলাম সাগর, দপ্তর সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, প্রচার সম্পাদক রাজু আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক শামসুল আলম, জিনাফ’র সভাপতি লায়ন মিয়া মোঃ আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এসএইচ