নারায়ণগঞ্জের বহুল আলোচিত সেভেন মার্ডার মামলার প্রধান আসামি নূর হোসেনকে জীবিত ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক দলের সভাপতি শফিউল আলম প্রধান।
রাজধানীর মিরপুরের কালশীর বিহারী পল্লীতে গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটের প্রতিবাদে রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ আহ্বান জানান।
মানববন্ধন থেকে শফিউল আলম প্রধান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নারায়নগঞ্জের ৭ খুনের প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশে ফেরত দিন। তাকে বাংলাদেশের আদালতে নিয়ে জিজ্ঞাসা করলে নারকীয় হত্যার মূল রহস্য রেব হয়ে আসবে।
নূর হোসেনকে সরকারের নিদের্শে ক্রসফায়ার দেওয়া হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আপনারা(আইন শৃঙ্খলা বাহিনী) নূর হোসেনকে এনকাউন্টারে বা ক্রসফায়ারে মারবেন না। আপনারা কুলষিত হবেন না।
এ সময় তিনি বলেন, সরকারের প্রত্যক্ষ ইন্ধনে মিরপুরের কালশীর বিহারী পল্লীতে গণহত্যা চালানো হয়েছে। সরকারের ইন্ধন না থাকলে এ রকম নারকীয় ঘটনা ঘটতে পারে না।
তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী যদি সঠিক পদক্ষেপ নিত তাহলে এমন ঘটনা ঘটতে পারতো না। সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে দিচ্ছেনা। পুলিশসহ দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে বির্তকিত করছে সরকার।
তিনি আরও বলেন, এ বছরের শেষের দিকে সরকার আরেকটি জাতীয় সংসদ নির্বাচন দিতে বাধ্য হবে। কারণ তাদের (সরকারের)পায়ের তলায় মাটি নেই। একটু ধাক্কা দিলেই পড়ে যাবে। সেভাবে জনগণ তৈরি হচ্ছে। জনগণ আর তাদের ক্ষমতায় দেখতে চায় না।
ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





