বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিথ্যা মামলা দিয়ে গণতান্ত্রিক দলগুলোকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিএনপিকে নির্মূল করার চেষ্টা হচ্ছে।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সহধর্মিণী (খালেদা জিয়া) যিনি পাক হানাদার বাহিনীর হাতে নির্যাতিত হয়েছিলেন, বন্দি হয়েছিলেন- দুর্ভাগ্যের কথা যে, আজকে তিনি কারাগারে আছেন। হাজার হাজার নেতাকর্মী কারাগারে। মিথ্যা মামলা দিয়ে গণতান্ত্রিক দলগুলোকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিএনপিকে নির্মূল করার চেষ্টা হচ্ছে।
স্বাধীনতা যুদ্ধের যে চেতনা, স্বাধীন স্বার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে স্বপ্ন, সেটা বর্তমানের আওয়ামী অগণতান্ত্রিক সরকার ভেঙে খান খান করে দিয়েছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, সরকার বাঙালি জাতিব সব অর্জন আজ নিশ্চিহ্ন করে ফেলেছে। আমরা আজকে গণতন্ত্রবিহীন একটি অবস্থার মধ্যে বিরাজ করছি। আজকে আমাদের নেত্রী কারাগারে, হাজার হাজার নেতাকর্মী কারাগারে। এরা মিথ্যা মামলা দিয়ে দলকে স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা করছে।
বিএনপি মহাসচিব বলেন, এই সময়ে বড় প্রয়োজন সমগ্র জাতির ঐক্য। আজকে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। আজকের এই দিনে আমরা শহীদের স্মরণ করে দেশের স্বাধীনতাকে রক্ষার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য সংগ্রামের গতি আরও বাড়াবো। জনগণকে সঙ্গে নিয়ে বিজয় অর্জন করবো।’
এমএম





