আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জাতির পিতাকে হত্যার পর খুনি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এসে প্রথমেই মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করলেন।

গ্রেফতারকৃত ১১ হাজার যুদ্ধাপরাধীকে ক্ষমা করে এবং কুখ্যাত রাজাকার গোলাম আজমকে দেশে ফিরিয়ে এনে নাগরিকত্ব দিয়ে ৩০ লাখ শহীদের আত্মাকে অপমাণিত করলেন।

আর তারেক রহমান হাওয়া ভবনে থেকে দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার এবং জঙ্গিবাদী উগ্রপন্থিদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার মাধ্যমে জাতিকে কলঙ্কিত করেছেন।

মঙ্গলবার দুপুরে জেলা স্টেডিয়াম মাঠে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘বিএনপি-জামায়াত জোট বিশ্বের দরবারে পরপর ৫ বার দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করে জাতিকে কলঙ্কিত করেছে। বর্তমানেও তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’

এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি, ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, উবায়দুল মোক্তাদির, সংসদ সদস্য শাহজাহান কামাল, আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা সংগঠক খালেদ মোহাম্মদ আলী, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহিম প্রমুখ।

এসএইচ